পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী পালিত: দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান। রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আরিফুর রহমান শিমুল শিকদার কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় চেয়ে স্থানীয়দের মানববন্ধন। রোটার‌্যাক্ট ও আবাম ফাউন্ডেশনের উদ্যোগ ২০০ শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ চারা বিতরণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত তরুণ নির্মাতা রনি তানভীরের ‘হ্যালো মা’। রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ পর্যায়ের বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন ২০০ বছরের ঐতিহ্যে ভাসমান পেয়ারা বাগান
লিঙ্ক কপি হয়েছে!

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী পালিত: দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান।

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা, ‘নজরুল পদক ২০২৬’ প্রদান এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সহযোগিতা পাচ্ছে। প্রতিষ্ঠার ২০ বছরে দেশের প্রায় ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

উপাচার্য বলেন, কবি নজরুলের জীবদ্দশায় তাঁকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। নজরুলের স্মৃতি ও সৃষ্টিকর্মকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের প্রচারে বিশ্ববিদ্যালয়টি ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে নজরুলবিষয়ক একটি করে কোর্স পড়ানো হয়। নজরুলের গান, কবিতা ও অন্যান্য সৃষ্টিকর্ম বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হলে আন্তর্জাতিক পরিসরে তাঁর গ্রহণযোগ্যতা আরও বিস্তৃত হতো।

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গবেষণা ও সংগীত ক্ষেত্রে দুই গুণী ব্যক্তিকে ‘নজরুল পদক ২০২৬’ প্রদান করা হয়। গবেষণায় নজরুল-গবেষক আবদুল হাই শিকদারকে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন পদক প্রদান করেন। সংগীতে নজরুল-শিল্পী শবনম মুশতারীর পদক গ্রহণের কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরে তাঁর কাছে পদক পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল জয়ন্তী উপলক্ষে প্রকাশিত ‘গাহি সাম্যের গান’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলী। সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালায় চারটি অধিবেশনে মোট আটটি গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও নজরুল-গবেষকরা নজরুলের সাহিত্য, সংগীত, দর্শন, সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তৃতামালায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গবেষক সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন।

প্রথম অধিবেশনে কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ‘স্মৃতিতে নজরুল : প্রসঙ্গ মুজফ্ফর আহমদের কাজী নজরুল ইসলাম : স্মৃতিকথা’ এবং ‘কাজী নজরুল ইসলামের সাহিত্যে আত্মদর্শন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

দ্বিতীয় অধিবেশনে নজরুল ও বেঙ্গল রেনেসাঁর গণতান্ত্রিকীকরণ এবং কাজী নজরুল ইসলাম ও আবুল মনসুর আহমেদের সাহিত্যিক বন্ধুত্ব ও আদর্শিক সম্পর্ক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

তৃতীয় অধিবেশনে ‘মাহে নও’ সচিত্র মাসিক পত্রিকায় নজরুলচর্চা এবং নজরুলের কাব্যে সামাজিক, রাজনৈতিক ও সাহিত্যিক বিদ্রোহ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

চতুর্থ অধিবেশনে নজরুলসংগীতের প্রমিত সুর ও বাণীর গুরুত্ব এবং ভারতের বিভিন্ন প্রাদেশিক ভাষায় নজরুলের সাহিত্য অনুবাদ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন ভারতীয় দুই নজরুল-গবেষক।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের দ্বিতীয় তলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তীর অনুষ্ঠানমালা।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন সংক্ষিপ্ত পরিসরে নজরুল জয়ন্তী উদ্‌যাপন করে। ২৫ মে ২০২৬, সোমবার বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ‘নজরুল ভাস্কর্যে’ পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এবং নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার উপস্থিত ছিলেন।