মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
গাজীপুরের টঙ্গীতে মিথ্যা, হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের গুটিয়া নগর এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায় , শ্রমের ন্যায্য মজুরি না দিয়ে উল্টো জিত বড়ুয়ার দ্বিতীয় স্ত্রী পারুল বড়ুয়া বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাকে মিথ্যা, ভুয়া, বানোয়াট ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযোগ করেন, গাজীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জিত বড়ুয়া এলাকার বিভিন্ন মানুষকে মামলা দিয়ে হয়রানি করছেন। এ ছাড়া বিদেশে নেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও করেন তাঁরা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে জন্য প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের পাশাপাশি হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা।
