পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাশুরেন্স কমিটি (কিউএসি)-এর ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কিউএসি’র সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সভায় বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বছরে অন্তত তিনটি জাতীয় ও একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিদেশে পাঠদান ও শিক্ষাগ্রহণের সুযোগ সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন উপাচার্য।

সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ, জার্নাল ইনডেক্সিং এবং ডি-নথি চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মূল্যায়নের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত কিউএসি’র ১১তম সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। সভা পরিচালনা করেন কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানসহ কিউএসি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম, কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং আমন্ত্রিত সদস্য বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।