পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বিনামূল্যে চিকিৎসাসেবায় পাঁচ শতাধিক মানুষের পাশে লায়ন্স-লিও

মুহিবুল হাসান রাফি
মুহিবুল হাসান রাফি , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

চট্টগ্রামে লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং রহমান নগর সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে সমন্বিত মেডিকেল ক্যাম্প। এতে চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন সেবা পেয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

১৯ সেপ্টেম্বর রহমান নগর আবাসিক এলাকার মোড়ের কাজী ভবনে আয়োজিত এ ক্যাম্পে গাইনি, শিশু ও মেডিসিন বিষয়ে চিকিৎসাসেবা দেন ডা. বুশরা বিনতে মাজহার, ডা. নিরব দাশ ও ডা. মুহাম্মদ বেলাল উদ্দিন। ক্যাম্পে ২৭৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সদস্যদের তত্ত্বাবধানে ১৪৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ১২৮ জনের বেশি মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ ছাড়া পলিথিনবিরোধী ও ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও পরিচালনা করা হয়।

ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের সাবেক জেলা গভর্নর লায়ন এস এম শামসুদ্দিন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের লায়ন্স কোয়েস্ট চেয়ারপার্সন লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন এমজেএফ।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সাবেক প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জহির উদ্দিন মো. বাবর খান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবদুল মতিন, রিজিয়ন চেয়ারপার্সন মো. আসিফ উদ্দিন ভূঁইয়া, ক্লাব সভাপতি মো. জামাল হোসেন, সহসভাপতি লায়ন মো. আবু রায়হান চৌধুরী, সেক্রেটারি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানসহ লায়ন্স, লিও ও রহমান নগর সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমন্বিত মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির জয়েন্ট সেক্রেটারি এবং রহমান নগর সমাজ কল্যাণ পরিষদের মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির সচিব লায়ন মো. মুরাদুল হক।

আয়োজকেরা জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ক্যাপশন: রহমান নগর আবাসিক এলাকায় লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং রহমান নগর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিনামূল্যে সমন্বিত মেডিকেল ক্যাম্পের একাংশ।