মাদারগঞ্জে নৈশ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এসএসসি ২০২৭ ব্যাচ!
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া সাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ব্যাচ ব্যাটল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা।
সোমবার রাত ১০টায় তেঘরিয়া যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত নৈশ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় এসএসসি ব্যাচ-২০২৪ ও এসএসসি ব্যাচ-২০২৭। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এসএসসি ব্যাচ-২০২৭, ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জেকরুল ইসলাম সুজন। উদ্বোধক হিসেবে ছিলেন আল মাহি ইন্টারন্যাশনাল, ঢাকার স্বত্বাধিকারী এম কে আদিল মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক শাহ আব্দুল্লাহ সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জিল্লুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মশিউর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, মেজবাহুল ইসলাম জীবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের খণ্ডকালীন অধ্যাপক তাইমুর আল মোবারক, এফ.কে.টি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মজনু বিএসসি, সমাজসেবক জিয়াউদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম ও শাহ মো. রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আয়োজকদের এমন ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। রাতের আলোয় অনুষ্ঠিত এই নৈশ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
