দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত তরুণ নির্মাতা রনি তানভীরের ‘হ্যালো মা’।
দেশের দুটি ভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে তরুণ নির্মাতা রনি তানভীর -এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হ্যালো মা’ HELLO MA – A film about Mother)। চলচ্চিত্রটি সম্প্রতি ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (DIMFF)’ এবং ‘ফিউচারনেশন ফিল্ম ফেস্ট’-এ প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে।
চলচ্চিত্রটি ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (DIMFF 2027) -এর ‘Short Film Category for University Students’ বিভাগে জায়গা করে নিয়েছে। পাশাপাশি এটি ১ম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ (1st FutureNation Film Fest)-এ ‘Independent Short Film’ ক্যাটাগরিতেও প্রদর্শিত হবে। উল্লেখ্য, DIMFF উৎসবে নির্মাতা রনি তানভীরের ‘এ মেস স্টোরি’ (A Mess Story) নামের আরও একটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।
রনি তানভীর বলেন, “স্রেফ নিজের ভালো লাগা থেকেই আমি ফিল্ম বানাই। মা-কে নিয়ে আমার প্রথম কাজটি আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত।
সহ-কারিগর ও অভিনেতা শাহিনুর ইসলাম বলেন, “অভিনয় করার সময় মনে হচ্ছিল আমি আমাকেই দেখছি। নির্মাতার সূক্ষ্ম শিল্পবোধ এই চলচ্চিত্রে ডানা মেলেছে।”
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (DIMFF) দীর্ঘ সময় ধরে মোবাইল প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করে আসছে। এর আয়োজনে রয়েছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)। অন্যদিকে, ফিউচারনেশন ফিল্ম ফেস্ট (FNFF) মূলত তরুণ ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের উদ্যোগে পরিচালিত একটি চলচ্চিত্র উৎসব, যা তরুণদের সৃজনশীল কাজ তুলে ধরার একটি মঞ্চ হিসেবে কাজ করছে।
