পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ • নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ • ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের • আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের • আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না, বিচার হোক অপরাধীদের: ফজলুর রহমান • চুয়াডাঙ্গায় ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতিসহ ৫ নেতা বিবাহিত, একাধিক নেতার আছে সন্তানও • এমএলএস ইতিহাসে প্রথমবার টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি • এইচএসসি ও সমমানের খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সোমবার
লিঙ্ক কপি হয়েছে!

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন। আদালতে রিটের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

এই নীতিমালা প্রণয়নের কাজে দ্রুততার সঙ্গে সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলা হয়েছে। টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর। একইসঙ্গে আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা তৈরি ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না—তা রুলে জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে হবে।

আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, সুস্পষ্ট নীতিমালার অনুপস্থিতিতে দেশে শিশুরা নির্বিচারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, যা তাদের ওপর নানাভাবে বিরূপ প্রভাব ফেলছে। এর ফলে শিশুদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো উপসর্গ দেখা দিচ্ছে এবং তাদের মানসিক বিকাশ বিঘ্নিত হচ্ছে।

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের তথ্য উল্লেখ করে জানানো হয়েছে, রাজধানী ঢাকার প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনে ব্যয় করে। বিনোদনের উদ্দেশ্যে শিশুদের এই স্ক্রিন ব্যবহারের হার আন্তর্জাতিকভাবে নির্ধারিত মাত্রা ছাড়িয়ে গেছে। জরিপে অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইসে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় কাটায়।

গবেষকদের পরিসংখ্যান অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের জটিলতায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় আক্রান্ত হচ্ছে। যারা প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনে থাকে, তাদের ঘুমের সময়ও বেশ কম; তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, অথচ সুস্থ শারীরিক বেড়ে ওঠা ও মস্তিষ্কের গঠনের জন্য এই বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

গবেষণায় আরও উঠে এসেছে যে, জরিপে অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগছে এবং দীর্ঘ সময় স্ক্রিনে থাকা শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুমের ঘাটতি থাকলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার সামর্থ্য ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়ে, শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ে।