চুয়াডাঙ্গায় ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতিসহ ৫ নেতা বিবাহিত, একাধিক নেতার আছে সন্তানও
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশের পরপরই স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচজন শীর্ষ নেতার বিরুদ্ধে বিবাহিত হওয়ার অভিযোগ উঠেছে। এমনকি পদ পাওয়া একাধিক নেতার সন্তান রয়েছে বলেও দাবি করেছেন জেলা ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত এই কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবালের নাম রয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।
নতুন এই কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদসহ কমিটির পাঁচজন নেতা সংসারী এবং তাঁদের সন্তানও রয়েছে। তাঁদের তথ্যমতে, সভাপতি জুয়েল মাহমুদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। পাশাপাশি সহ-সভাপতি সাইমুজ্জামান মিশা এক সন্তানের জনক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিবাহিত, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেনের একটি সন্তান রয়েছে এবং প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম দুই সন্তানের বাবা।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিছিলে ব্যস্ত থাকার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।
অন্যদিকে, এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে কোনো বিবাহিত ব্যক্তি স্থান পেয়েছেন কি না, তা তাঁর জানা নেই। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অর্থাৎ কমিটিতে কেউ বিবাহিত কিংবা সন্তানের জনক হয়ে থাকলে, তাঁদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
