আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না, বিচার হোক অপরাধীদের: ফজলুর রহমান
আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, জুলাইয়ের ঘটনায় শত শত পুলিশ সদস্য নিহত হয়েছেন, আর গোপালগঞ্জে কেবল থানা পোড়ানো হয়েছে, কাউকে হত্যা করা হয়নি। তবে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে, সেগুলোর জন্য দলটির ক্ষমা প্রার্থনা করা উচিত বলে তিনি মনে করেন। পাশাপাশি কোনো রাজনৈতিক দলকে চিরদিনের জন্য ঘৃণার চোখে দেখে দূরে সরিয়ে রাখা উচিত নয় বলেও মত দেন তিনি।
টকশোতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আইনের শাসন এবং দল নিষিদ্ধের যৌক্তিকতা নিয়ে আলোচনা করতে গিয়ে ফজলুর রহমান বলেন, কোনো দলের কোনো সদস্য অপরাধে জড়ালে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে হবে, এতে তাঁর কোনো দ্বিমত নেই। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রধান ভূমিকা রাখা এবং ত্রিশ শতাংশের বেশি জনসমর্থনপুষ্ট একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা সমীচীন বলে তিনি মনে করেন না।
দল নিষিদ্ধ করার পরিণতি বোঝাতে গিয়ে তিনি নদীর গতির উদাহরণ টানেন। তাঁর ভাষায়, নদীর প্রবাহ আটকে দিলে পানি যেমন বিকল্প পথে উপচে পড়ে, তেমনি কোনো দলকে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখলে সেই বাঁধ ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে; তখন লোহার বাঁধ দিয়েও সেই স্রোত সামলানো যাবে না। যাঁরা দলটিকে নিষিদ্ধ করে রেখেছেন, শেষ পর্যন্ত তাঁদেরই সেই পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। নিষিদ্ধ করার পেছনে অন্তত আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
আজীবনের জন্য কোনো দল নিষিদ্ধ না করে সিদ্ধান্তটি জনগণের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য। এ ক্ষেত্রে তিনি মুসলিম লীগের উদাহরণ তুলে ধরে বলেন, ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলটি এখনো টিকে আছে, কিন্তু নির্বাচনে তারা জামানতও রক্ষা করতে পারে না; জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকেও জনগণের রায়ে প্রত্যাখ্যাত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
আলোচনায় জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক ঐক্য নিয়েও সংশয় প্রকাশ করেন ফজলুর রহমান। তিনি বলেন, জামায়াত একসময় বিএনপিকে ধাক্কা দেবেই এবং সংসদে তাদের বর্তমান সৌহার্দ্যপূর্ণ অবস্থান কত দিন স্থায়ী হয়, সেটিই দেখার বিষয়। দেশে মুক্তিযুদ্ধের পক্ষের ও প্রগতিশীল ধারার দলগুলো—যেমন কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ কিংবা আ স ম আবদুর রবের দল ও জাতীয় পার্টি স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে রাজনীতির মাঠ মূলত একদিকে বিএনপি এবং অন্যদিকে জামায়াত ও এনসিপির দখলে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাম ও প্রগতিশীল দলগুলো সভা-সমাবেশের অনুমতি পাচ্ছে না এবং মিছিল করতে গেলে হামলার শিকার হচ্ছে দাবি করে তিনি বলেন, তৌহিদি জনতার নামে বিভিন্ন গোষ্ঠী কার্যালয় ভাঙচুর করছে, এমনকি সংবিধান নিয়ে আলোচনা করতে গেলেও পুলিশে সোপর্দ করা হচ্ছে। এর ফলে দেশের রাজনীতি কোন পথে যাচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
আইনের শাসনের প্রশ্নে সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, নিষিদ্ধ কোনো দল বেআইনি কাজ করলে সরকার আইনানুগভাবে তা দমন করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ছাত্রদল, যুবদল, জামায়াত কিংবা এনসিপির নাম ব্যবহার করে যাঁরা মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? অতীতে এলাকায় টাউট-বাটপার বা গরু চুরির মামলার আসামি ছিলেন এমন অনেকেই এখন নেতা বনে গেছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার কি একচোখা নীতিতে আইন প্রয়োগ করছে? সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ না হলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে বলে সতর্ক করেন তিনি।
বক্তব্যের শেষাংশে সঞ্চালকের পূর্ববর্তী একটি মন্তব্যের সূত্র ধরে ফজলুর রহমান বলেন, একের পর এক জামায়াত ঢাকা শহর দখল করে নিচ্ছে দেখেও বিএনপি কেন নীরব—সেই প্রশ্ন উঠেছিল। অথচ আওয়ামী লীগকে মোকাবিলার কথা বলে সেই জামায়াতের সঙ্গেই বিএনপি নতুন করে জোট বেঁধেছে। এই ঐক্যের ফলে বিএনপি প্রকৃতপক্ষে লাভবান হবে, নাকি আরও বড় কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে, সেই প্রশ্ন রেখে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
