পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

স্বপ্ন ছুঁয়ে এবার সাদা অ্যাপ্রনে সাতকানিয়ার ডা. আঁখি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ (৩ নম্বর ওয়ার্ড) এলাকার কৃতি সন্তান সাদিয়া ইসলাম চৌধুরী আঁখি সফলভাবে এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসক হয়েছেন। তার এই অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

তিনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (RMU) অধিভুক্ত নীলফামারী মেডিকেল কলেজ থেকে সফলতার সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

ডা. আঁখি এলাকার বিশিষ্ট ব্যক্তি প্রয়াত মুন্সি মেম্বারের নাতনি। তার বাবা নুরুল ইসলাম চৌধুরী এবং মা আয়েশাফুন্নেছা। ছোটবেলা থেকেই মেয়েকে চিকিৎসক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তার বাবা-মা। দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।

শিক্ষাজীবনে তিনি ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০১৮ সালে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে পটিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর চিকিৎসা শিক্ষায় ভর্তি হয়ে সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেন।

তার এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সদস্য, শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। জীবনসঙ্গী মোহাম্মদ আমানত হোসাইন এক শুভেচ্ছা বার্তায় বলেন, “তোমার এই অর্জনে আমি গর্বিত। মহান আল্লাহ তোমার এই সাফল্যের পথ আরও সুগম করুন এবং দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার তাওফিক দান করুন।”

এলাকাবাসীর প্রত্যাশা, ডা. সাদিয়া ইসলাম চৌধুরী আঁখি ভবিষ্যতে একজন দক্ষ, মানবিক ও সেবাপরায়ণ চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন এবং তার এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।