গোপালগঞ্জে ‘জুলাই যোদ্ধা’দের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পাবনার সাঁথিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ৯টায় সাঁথিয়া শহীদ জুলকারনাইন চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি সাঁথিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে সর্বস্তরের জনগণ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ছাত্র-তরুণসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, “জুলাই যোদ্ধাদের ওপর হামলার বিচার চাই”, “মুক্তিযুদ্ধের চেতনায় যারা আঘাত হানে, তাদের বিচার চাই”।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী জুলাই যোদ্ধারা দেশের সম্পদ। তাদের ওপর হামলা আমাদের অস্তিত্বের ওপর হামলার শামিল। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, এই দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। কোনো অপশক্তি যেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত বা যোদ্ধাদের অবমূল্যায়ন করতে না পারে, সে জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন সাঁথিয়ার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিককর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সবার কণ্ঠে ছিল একই দাবি—জুলাই যোদ্ধাদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে এক সংহতি ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

