তা’মীরুল মিল্লাত টঙ্গীতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল ২৮ ডিসেম্বর।
স্টাফ রিপোর্টার: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর বালক ও বালিকা ক্যাম্পাসে ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত (ষষ্ঠ শ্রেণি ব্যতীত) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, দুই ধাপে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার প্রথম ধাপে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। বালক ও বালিকা ক্যাম্পাসে আলাদাভাবে পরীক্ষার আয়োজন করা হয়। দ্বিতীয় ধাপের ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি ২০২৬ সালের ২ তারিখ অনুষ্ঠিত হবে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এক ঘণ্টা পিছিয়ে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। ৪৫ মিনিটের লিখিত পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে মৌখিক (ভাইভা) পরীক্ষা গ্রহণ করা হয়। যোহরের নামাজের আগেই সব কার্যক্রম শেষ করা হয়।
পরীক্ষা চলাকালে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিভাবকদের জন্য নির্ধারিত স্থানে অপেক্ষার ব্যবস্থা রাখা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ প্রকাশ করা হবে। ফলাফল মাদ্রাসার ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
