পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ব্রহ্মপুত্রের পাড়ে ‘চাঁদের পাহাড়’ নিয়ে অআকখ’র পাঠচক্র

মুহিবুল হাসান রাফি
মুহিবুল হাসান রাফি , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

বইয়ের পাতা থেকে গল্প, গল্প থেকে বিতর্ক আর সেই বিতর্কে মিলল গান, আবৃত্তি ও আড্ডা। ব্রহ্মপুত্রের পাড়ে এমনই এক প্রাণবন্ত পাঠচক্রের আয়োজন করেছে সাহিত্য ও পাঠচর্চাভিত্তিক সংগঠন ‘অআকখ’। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের জয়নালের সুবিশাল মাঠের এক কোণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘চাঁদের পাহাড়’ নিয়ে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

সাহিত্যপ্রেমী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজন। আলোচনায় উঠে আসে উপন্যাসের কাহিনি, চরিত্র, শঙ্করের অভিযাত্রা ও লেখকের বর্ণনাশৈলী। পাঠের পাশাপাশি বইটির বিভিন্ন বিষয় নিয়ে পক্ষ-বিপক্ষে যুক্তিতর্কে অংশ নেন পাঠকরা। ফলে একই বইকে ঘিরে ভিন্ন পাঠ ও দৃষ্টিভঙ্গিরও প্রকাশ ঘটে।

আলোচনা ও বিতর্কের ফাঁকে গান ও আবৃত্তি আয়োজনকে দেয় সাংস্কৃতিক আবহ। পরে ব্রহ্মপুত্রের তীরে চায়ের আড্ডায় পাঠচক্রটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

তরুণদের মধ্যে বইপড়া, সাহিত্যচর্চা ও মুক্তচিন্তার পরিবেশ তৈরির লক্ষ্যেই দেশজুড়ে এমন পাঠচক্র আয়োজন করছে ‘অআকখ’। বর্তমানে দেশের ২৫টির বেশি জেলা ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এ কার্যক্রম চলছে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় পাঠচক্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।