বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ হাজার শিক্ষার্থীকে নিয়ে চলছে বই পড়া কর্মসূচি ‘সেরা পাঠকের খোঁজে’। বুধবার জেলার নয় উপজেলার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা সাড়ে তিন হাজার শিক্ষার্থী উপজেলা পর্যায়ের মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয়। জেলা প্রশাসনের উদ্যোগে ও সাহিত্য সংগঠন অআকখের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের বইমুখী করা এবং সেরা পাঠক খুঁজে বের করা।
জেলা প্রশাসনের উদ্যোগে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’-এর আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হচ্ছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে পুরস্কার ও সনদ। উপজেলা পর্যায়ে তিনটি বিভাগে প্রতি উপজেলা থেকে ১৫ জন করে শিক্ষার্থী জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার-আপসহ সব অংশগ্রহণকারীকে পুরস্কার ও সনদ দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, সৃজনশীল চিন্তা বিকাশে বই পড়ার বিকল্প নেই। সাহিত্য পাঠ শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব বলেন, শিক্ষার্থীদের বইমুখী করতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। অআকখের সংগঠকেরাও বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বই পড়ায় উৎসাহ দিয়েছেন।
