রাতে ৬ জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা, সতর্ক সংকেত জারি
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৩ জুন) দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে
