নতুন সদস্য নিচ্ছে তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সালের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইনে সদস্য হওয়ার সুযোগ পাবেন।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই স্লোগানকে সামনে রেখে নবীন শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করা এবং তাঁদের লেখকসত্তার বিকাশে কাজ করছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সংগঠনটির জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে নতুন সদস্য সংগ্রহের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে নবীন লেখকদের পরামর্শ, নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান, তাঁদের লেখা সম্পাদনা ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের সুযোগ তৈরি, নিয়মিত সেরা লেখকদের পুরস্কৃত করা, বিষয়ভিত্তিক কর্মশালা ও মাসিক পাঠচক্র আয়োজন, লেখালেখির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ দিবসে লেখালেখি প্রতিযোগিতা এবং মাসিক কুইজের আয়োজন। পাশাপাশি তরুণ লেখকদের সঙ্গে দেশের স্বনামধন্য লেখকদের সেতুবন্ধন তৈরির লক্ষ্যেও কাজ করছে সংগঠনটি।
ফোরাম সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করে দক্ষ লেখক হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। সদস্য হতে নির্ধারিত নম্বরে ১৫০ টাকা সেন্ড মানি করে রেফারেন্সে নিজের নাম উল্লেখ করতে হবে। এরপর নির্ধারিত গুগল ফর্মে টাকা পাঠানো নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। পোস্টে থাকা কিউআর কোড স্ক্যান করেও আবেদন ফরমে প্রবেশের সুযোগ রয়েছে।
অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত ফর্মে প্রবেশ করে সদস্য নিবন্ধন সম্পন্ন করা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে অফলাইনেও সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে।
অনলাইনে আবেদন ফর্ম লিঙ্ক: https://forms.gle/ZUXJPntmjccZDX6g8
সদস্য সংগ্রহ কার্যক্রমের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের পর আর সদস্য হওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।
লেখালেখির প্রতি আগ্রহী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি একটি সক্রিয় লেখক প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।
