জামালপুরের মাদারগঞ্জে বাড়ির সামনের গাছ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হযরত আলী (৫০) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার পৌরসভার গাবেরগ্রাম কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। তিনি ওই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আলী দীর্ঘদিন ধরে পেটের ব্যথা ও গ্যাসজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও অবস্থার তেমন উন্নতি হয়নি বলে পরিবারের দাবি। দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা ও মানসিক অবসাদের কারণে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।
নিহতের জেঠাতো ভাই হেলাল উদ্দিন বলেন, “হযরত আলী দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। অনেক জায়গায় চিকিৎসা করানো হয়েছে। কিন্তু সুস্থ হননি। রোববার ভোরে পরিবারের সদস্যরা বাড়ির সামনে গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।”
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় বলেন, “ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
