রুহিন ইসলাম, সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। নিহতের নাম সাহিদা বেগম (২৩)। তাকে তার স্বামী রেজাউল করিম নিজ বাড়িতে খুন করেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনা ঘটে গতকাল ৪ অক্টোবর ২০২৫, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে গোলাপগঞ্জ থানাধীন ইসলামপুর গ্রামে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রেজাউল করিমকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ সকালে সেই কলহের জেরে রেজাউল করিম নিজ বাড়িতে স্ত্রী সাহিদাকে নৃশংসভাবে হত্যা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

