নরসিংদী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “চাঁদাবাজ, লুটেরা ও দালালদের আর সংসদে দেখতে চায় না জনগণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই।”
বুধবার (৩ সেপ্টেম্বর) নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে এক বিশাল জনসভায় তিনি আরও বলেন, “দেশের মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। দুর্নীতিবাজদের দাপটে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা।”
চরমোনাই পীর বলেন, “জনগণ আর চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।” এ সময় তিনি তরুণ সমাজকে নৈতিকতা ও মূল্যবোধের পথে ফিরে আসার আহ্বান জানান এবং ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে তাগিদ দেন।
ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নরসিংদীর রায়পুরাকে শান্তির জনপদে রূপান্তর’– এই প্রত্যয়ে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন (শিপন মোল্লা)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি সাজেদুল্লাহ সায়েম।
জনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী সংস্কৃতিক সংগঠন ‘কলরব’-এর নির্বাহী পরিচালক ও রায়পুরা আসনে হাতপাখা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে প্রতীকীভাবে তার হাতে ‘হাতপাখা’ তুলে দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমীর মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতীকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার, মাওলানা আইয়ুব বিন মেহেদী উদ্দিনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, “নিরাপদ ও শালীনতার রায়পুরা গড়ার” অঙ্গীকারে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

