শ্রীপুর উপজেলা প্রতিনিধি: শ্রীপুর উপজেলার তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেনের নামে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টায় তেলিহাটি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফরহাদ স্যার কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, যা শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অপমানজনক ও দুঃখজনক।

শিক্ষার্থীরা বলেন, “ফরহাদ স্যারের নামে দায়ের করা এই ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।” তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জানান, মামলাটি প্রত্যাহার না হলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
বক্তারা আরও দাবি করেন, প্রকৃত আসামিদের না ধরে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

