মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জন্য চার বছর মেয়াদি বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে মোট ১১টি বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বুটেক্সের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, যা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করতে হবে।
ভর্তির জন্য আবেদনকারীদের অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ ১৭.৫০ (২০-এর মধ্যে) থাকতে হবে। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩.৫০ জিপিএ অর্জন বাধ্যতামূলক।
যোগ্যতার ভিত্তিতে ১৪ হাজার আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এই তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর। নির্বাচিত প্রার্থীদের ১,২০০ টাকা ফি প্রদান করে ২৩–৩০ ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর, সর্বমোট ২০০ নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। মেধা তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি।
প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ৩ হাজার প্রার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর পাওয়া প্রার্থীরা মেধা তালিকায় স্থান পাবেন না।
এবারের ভর্তি প্রক্রিয়ায় মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে।
এ ছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইং অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি আসন নির্ধারিত রয়েছে।

