শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ শুরু বাংলার মেয়েদের!
ক্রীড়া ডেস্ক: চার দলের সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের দেখা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো গোল বন্যায় ভাসালো বাংলাদেশের মেয়েরা। মোছা. সাগরিকার হ্যাটট্রিকে লঙ্কানদের ৯-১ গোলে হারিয়ে সাফে শুভসূচনা করেছে পিটার বাটলারের শিষ্যরা।
টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কা, ভুটান ও নেপালের কোচ-অধিনায়ক বাংলাদেশকে সমীহ করেই প্রস্তুতি, প্রত্যাশা ও সম্ভাবনার কথা বলেছিলো বাংলাদেশের কাপ্তান। সমীহ তো করার-ই কথা, বাংলাদেশের মেয়েরা যে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী এবং একই সাথে আয়োজকও বাংলাদেশ।
পিটার বাটলারের অধিনে নারী দল বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টটির ষষ্ঠ আসর শুরু করেছে চ্যাম্পিয়নদের মতোই। আজ শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে আফঈদা-মৌসুমীরা । ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে গিয়েছিলো বাংলাদেশ ।
লঙ্কানদের বিপক্ষে বড় জয়ের পথে হ্যাটট্রিক করেছেন মোসা. সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। এবং একটি করে গোল করেছেন স্বপ্না রানী, রূপা আক্তার, শান্তি ও শিখা।

ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় বাংলাদেশের মেয়েরা। বাম দিক থেকে নেওয়া স্বপ্না রানীর ফ্রি-কিক সরাসরি শ্রীলঙ্কার জালে জড়ায়। পাঁচ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার।
২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক ঠেকিয়েছেন কয়েকটা, তাছাড়া মিস করেছেন বাংলাদেশের ফরোয়ার্ডরাও।
খেলার ৩৭ মিনিটের মাথায় ডান দিক থেকে শিখার ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিখা ঠিকঠাক ক্লিয়ার করতে না পারলে বল পেয়ে যান সাগরিকা। ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান বাংলার নাম্বার টেন।
বিরতির পর ৪৭ মিনিটের মাথায় বাম দিক থেকে বদলি হিসেবে নামা শান্তি মারদির ক্রসে গোল করেন মুনকি আক্তার। ম্যাচের ৪৯ মিনিটে শিখা গোল করে ব্যবধান ৫-০ করেন। ৫৩ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান হয় ৬-০। ৫৮ মিনিটে পূজা দাসের ক্রসে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। এতে বাংলাদেশের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০। ৮৫ মিনিটে রূপা আক্তারের গোলে ব্যবধান হয় ৮-০।
জাতীয় দলের নিয়মিত চারজন ফুটবলার আফঈদা, স্বপ্না, মুনকির ও উমেহলাকে নিয়ে প্রাথমিক একাদশ সাজিয়েছিলেন টাইগার কোচ পিটার বাটলার। কিন্তু বিরতির পর তাদের সবাইকে বসিয়ে নতুনদের খেলার সুযোগ করে দেন তিনি।
শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েরা প্রাধান্য বিস্তার করে বড় জয় নিয়ে-ই মাঠ ছেড়েছে। যদিও ম্যাচের শেষ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক আর ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝির সুযোগে শ্রীলঙ্কা ব্যবধান কমিয়ে ৮-১ করে। অতিরিক্ত সময়ে শান্তি মারদির গোলে আবারও ব্যবধান বাড়িয়ে নিতে সক্ষম হয় বাংলাদেশ।
পিটিএন/খেলাধুলা

