প্রতিনিধি, টেকনাফ: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার মাওলানা নুরুল বাশার আজীজী।
দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অঙ্গনে দায়িত্ব পালন করলেও, কক্সবাজারের অনেকেরই অজানা ছিল যে তিনি এই জেলারই কৃতি সন্তান। তবে প্রার্থীতা ঘোষণার পর থেকেই তার কর্মদক্ষতা, যোগ্যতা ও নেতৃত্বগুণের পরিচিতি দ্রুত ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই মাওলানা আজীজী দিন-রাত মাঠে সক্রিয় রয়েছেন। গণসংযোগ, লিফলেট বিতরণ ও জনকল্যাণমূলক নানা কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। শুধু শহরেই নয়, উখিয়া-টেকনাফের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে তার নির্বাচনী বার্তা ও হাতপাখার ছোঁয়া।

তৃণমূল পর্যায়ে—উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সংগঠন গঠন এবং কর্মসূচি বাস্তবায়নে তিনি সরাসরি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এতে করে মাঠপর্যায়ে দলীয় কর্মীদের মাঝে যেমন উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি সাধারণ ভোটারদের মাঝেও তৈরি হয়েছে আগ্রহ ও আশাবাদ।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, টেকনাফ-উখিয়া অঞ্চলে ইসলামপন্থীদের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। একতাবদ্ধভাবে অংশ নিলে তারা এবারের নির্বাচনে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম—এমনটিই বলছেন সংশ্লিষ্টরা।

