তা’মীরুল মিল্লাত প্রতিনিধি (সাব্বির): ’এসো খুলে দেই, সম্ভাবনার অবারিত সব দ্বার, বিজ্ঞান দিয়ে ভিত গড়ি ফের নতুন সভ্যতার’—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর স্বনামধন্য ‘তা’মীরুল মিল্লাত সায়েন্স ক্লাব’-এর উদ্যোগে শুরু হলো মাদরাসা শিক্ষাঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন ‘ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট’২৫’। চার দিনব্যাপী এই বিজ্ঞান মহোৎসবের আড়ম্বরপূর্ণ উদ্বোধন সম্পন্ন হয়েছে গতকাল, ৮ অক্টোবর।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচিন্তা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই উৎসবে প্রতিষ্ঠানটির প্রায় চারশো ছাত্র ১১টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী কার্যক্রম শুরু হয় ক্বারী সিয়াম আহমেদের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সম্মানীয় সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার শ্রদ্ধেয় অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান।
প্রধান আলোচক হিসেবে মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান তাঁর ভাষণে জ্ঞানচর্চা ও বিজ্ঞানের মাধ্যমে নতুন যুগের ভিত্তি গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাকসু-এর সাধারণ সম্পাদক (জিএস) সাইদুল ইসলাম সাঈদ, গণিত প্রভাষক জনাব মাজহারুল ইসলাম, এবং জীববিজ্ঞান প্রভাষক জনাব রোকনুজ্জামান।
অনুষ্ঠানে আরও ছিলেন টাকসু-এর মানবসম্পদ সম্পাদক মাহাদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ ছাত্র সংসদ ও সায়েন্স ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃত্ব।
অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন সায়েন্স ক্লাবের পরিচালক চৌধুরী আবিদ হাসান এবং মিল্লাত ক্যারিয়ার কাউন্সিলের পরিচালক আরিফুল ইসলাম। এই উৎসবের সমগ্র তদারকির দায়িত্বে ছিলেন টাকসু-এর বিজ্ঞান সম্পাদক শোয়াইবুর রহমান।
সম্মানিত অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্যের সমাপ্তি শেষে, অনুষ্ঠানের উদ্বোধন লগ্নে ক্যাম্পাস মাঠে উপস্থিত সকল অংশগ্রহণকারীর সামনে বেলুন উড্ডয়নের মাধ্যমে ‘ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট’২৫’-এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রথম দিনেই বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

