জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুক) এর মাধ্যমে অভিযোগ করেছেন, সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েকজন টিভি সাংবাদিক তার অনুমতি ছাড়া তার বাসায় প্রবেশ করে ভিডিও ধারণ ও পরিবারের সদস্যদের অস্বস্তিতে ফেলেছেন।
রিপন মিয়ার ভাষ্য অনুযায়ী, ওই সাংবাদিকরা কোনো পূর্বানুমতি ছাড়াই তার পরিবারের সদস্যদের ভিডিও করেন এবং দূরে ক্যামেরা রেখে নানা উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি ঘরে মহিলা সদস্যরা উপস্থিত থাকা অবস্থায়ও তারা অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করেন।
রিপন মিয়া বলেন, “আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। আমার পরিবারের কেউই শিক্ষিত নয় এবং কখনো মিডিয়ার মুখোমুখি হয়নি। আমি কোনো সময় পরিবারের সদস্যদের ফেসবুকে দেখিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করিনি।”
তিনি আরও জানান, ২০১৬ সাল থেকে কনটেন্ট তৈরি শুরু করে দীর্ঘ ৯ বছর ধরে মানুষের ভালোবাসা ও সাপোর্টে এই অবস্থানে পৌঁছেছেন। “এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি হয়নি। বরং যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সাড়া দিয়েছি,” বলেন তিনি।
তবে সময়ের সঙ্গে জনপ্রিয়তা বাড়তে থাকায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান রিপন মিয়া। তার দাবি, “আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভি ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।”
তিনি কোনো টিভি চ্যানেলের নাম প্রকাশ না করলেও সংশ্লিষ্ট সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমার আর কিছু বলার নেই।”
শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং বলেন, “সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।”

