ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কবিতা–ইয়া রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

সাহিত্য ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ইয়া রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এন এইচ এম জোনায়েদ সিদ্দিকী

 

সেই শৈশবে—

যখন সরল হৃদয়ে আপনার শানে দুরুদ পাঠ করতাম,

খোলা উঠোনের নীরবতা ভেঙে আপনার দরবারে সালাম পৌঁছে দিতাম,

তখন আমার নিষ্পাপ চোখের পাপড়িগুলো অকারণেই ভিজে উঠত—

শুধু আপনার অজানা এক প্রেমে।

ভাবতাম, বড় হয়ে একদিন

আপনার সান্নিধ্যে বসে মন খুলে বলবো সব কথা,

আমি যুগের পর যুগ দাঁড়িয়ে থাকবো

আপনার পবিত্র রওজার সামনে—অটল, অবিচল।

মানুষ আমাকে কী ভাববে, তা আমি জানি না;

কিন্তু যদি কেউ আমার অন্তর বিদীর্ণ করে দেখে,

তবে সেখানে স্পষ্ট লেখা পাবে—

“ইয়া রাসুলুল্লাহ ﷺ।”

যখন দুনিয়ার প্রেমিকেরা উন্মাদের মতো ছুটে বেড়ায়

তাদের ক্ষণস্থায়ী ভালোবাসার পেছনে,

ঠিক তখন আমি—

রণক্লান্ত এক পথিক হয়ে

বাংলার ধুলোমাখা পথে হামাগুড়ি দিই,

শুধু আপনার বিরহের টানে।

আপনার রওজা মোবারক স্পর্শ করার যে অদম্য আকাঙ্ক্ষা

আমার হৃদয়ে জন্ম নিয়েছে,

সমস্ত পৃথিবী একত্র হলেও

আমাকে ফিরিয়ে রাখতে পারবে না সেই সংকল্প থেকে।

বাংলার গাছে গাছে যখন সবুজ পাতা দোলে,

মাঠে মাঠে যখন সবুজ ঘাস ঢেউ তোলে,

তখন আমার অন্তরে বেজে ওঠে

আপনার ইশকের দামামা।

মনে হয়—

আর কিছু পথ এগোলেই দেখা মিলবে

সেই সবুজ গম্বুজের,

আর একটু অগ্রসর হলেই

আপনার রওজার নূরে আলোকিত হবে

আমার এই বিষণ্ন চেহারা।

পৃথিবীর সমস্ত সুর যেন ম্লান হয়ে যায়

আপনার দুরুদের সুমধুর ধ্বনির কাছে।

আপনার রওজার সামনে দাঁড়িয়ে

একটি সালাম পেশ করার পিপাসায়

আমার অন্তর প্রতিনিয়ত দগ্ধ হতে থাকে।

 

বারবার ফিরে আসে সেই শৈশব—

যখন কিতাবের ইলম ছিল না,

উচ্চারণও ছিল না শুদ্ধ;

তবুও আমার চোখের কোণে জমে উঠত অশ্রু—

শুধু আপনার ভালোবাসায়।

 

আজও আমার বক্ষের অন্তরালে

অবিরাম ধ্বনিত হয় সেই চিরচেনা ডাক—

“ইয়া নাবী, সালামু আলাইকা।


কবি: এন এইচ এম জোনায়েদ সিদ্দিকী

শিক্ষার্থী, ১ম বর্ষ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।