শ্রীবরদীতে লিজেন্ড ক্রিকেট কাপ সিজন (১) এর উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে ঐতিহ্যবাহী শ্রীবরদী সরকারি কলেজ মাঠে “লিজেন্ড ক্রিকেট কাপ সিজন-১” ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদুল হক রুবেল বলেন, দেড় যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা শ্রীবরদীর মিনি স্টেডিয়ামের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। মাঠের অভাবে উপজেলার শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, একসময় এই স্টেডিয়াম ঘিরে খেলোয়াড়দের মধ্যে যে স্বপ্ন ও উদ্দীপনা ছিল, তা এখন হতাশায় পরিণত হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ সম্পন্ন করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি।
এসময় টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান সংসদ সদস্য।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠন, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং ক্রিকেটপ্রেমীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ঈদের আনন্দকে ক্রীড়ামোদীদের মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডা. সেরাজুল হক স্মৃতি ক্রিকেট একাদশের মুখোমুখি হয় গারো হিল ফাইটার্স ক্রিকেট একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গারো হিল ফাইটার্স ক্রিকেট একাদশ জয় লাভ করে।
আয়োজক সূত্রে জানা গেছে, নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে শ্রীবরদীর প্রাক্তন ও বর্তমান ক্রিকেটপ্রেমী খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ১৬টি দল অংশ নিচ্ছে। আগামী শনিবার (৩০ মে) বিকেলে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
