লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
লিওনেল মেসির নেতৃত্বে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৩৮ বছর বয়সী মেসি আগেই নিশ্চিত করেছিলেন, এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নেতৃত্বে তিনি থাকবেন কিনা, তা নিয়ে ছিল কিছুটা অনিশ্চয়তা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে স্কালোনি আবারও দলের অধিনায়ক হিসেবে ভরসা রেখেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার ওপর।
চার বছর আগে কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
তবে স্কালোনির ঘোষিত দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের উদীয়মান তরুণ ফুটবলার ফ্র্যাঙ্কো মাস্তানটুনোর। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে আর্জেন্টাইন ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি তিনি।
আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে মেসিকে নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তার ক্লাব ইন্টার মিয়ামি জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় মেসির বাম হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। যদিও এখনো মাঠে ফেরার নির্দিষ্ট তারিখ জানায়নি ক্লাবটি। তবে জাতীয় দলের কোচ স্কালোনি মেসির ফিটনেস নিয়ে আশাবাদী।
হাঁটুর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন টটেনহ্যাম অধিনায়ক ও সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোও। এছাড়া কাতার বিশ্বকাপজয়ী ১৭ জন খেলোয়াড় এবারের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।
তরুণদের মধ্যে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী নিকোলাস পাজ ও ভ্যালেন্টিন বারকো। পালমেইরাস ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজও দলে জায়গা ধরে রেখেছেন। তবে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েনডিয়া এবং রোমা তারকা পাওলো দিবালা এবারের দলে সুযোগ পাননি।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
উল্লেখ্য, মেসির পাশাপাশি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়া এবারও নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার:
গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, ফাকুন্ডো মেডিনা, নিকোলাস টাগলিয়াফিকো।
মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ভ্যালেন্টিন বারকো।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, গুইলিয়ানো সিমিওনে, লাউতারো মার্টিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ।
