নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ষষ্ঠ তলার কনফারেন্স কক্ষে কেক কেটে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য বলেন, গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অন্যতম প্রধান মানদণ্ড। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্বমানের শিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান।
গবেষণা সপ্তাহ উপলক্ষে ‘Pathways to Higher Studies Abroad: Strategies Securing Scholarships and Research Opportunities’ এবং গুণগত তথ্য বিশ্লেষণ সফটওয়্যার বিষয়ক দুটি প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। এতে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রায়হান হাবিব এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সালাউদ্দিন।
এদিকে, আইকিউএসি-এর উদ্যোগে ‘Inspiring Innovation in Curriculum Design and Bangladesh Accreditation Council (BAC) Compliance’ শীর্ষক আরেকটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
গবেষণা সপ্তাহের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন উপাচার্য।
