সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন আজ
আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি ও ‘সোনালী কাবিন’–খ্যাত সাহিত্যিক আল মাহমুদের জন্মবার্ষিকী আজ শনিবার (১১ জুলাই)। বাংলা কবিতায় লোকজ ঐতিহ্য, গ্রামীণ জীবন, নদী ও চরাঞ্চলের মানুষের সংগ্রামকে নান্দনিকভাবে তুলে ধরে তিনি নিজস্ব এক কাব্যভাষা নির্মাণ করেছেন।
১৯৩৬ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
ষাটের দশকে লোক লোকান্তর ও কালের কলস কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেন আল মাহমুদ। পরে ১৯৭৩ সালে প্রকাশিত সোনালী কাবিন তাঁকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবির মর্যাদায় প্রতিষ্ঠিত করে। গ্রামীণ জনজীবন, প্রেম, প্রকৃতি ও আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারে তাঁর কবিতা পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত।
কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, শিশুসাহিত্য ও সাংবাদিকতায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে পানকৌড়ির রক্ত, কবি ও কোলাহল এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কাবিলের বোন।
বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।
জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে। আজ আলোচনা সভা, কবিতা পাঠ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আল মাহমুদ পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের সমাপনী হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই বরেণ্য কবি।
