শ্রীবরদীতে জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা খাল উদ্ধারে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার গণআন্দোলনের আয়োজনে সরকারি খাল দখল ও ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। খালটি দখলমুক্ত করা এবং দ্রুত পুনঃখননের দাবিতে পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নিয়েছেন।
আজ রবিবার (২ আগষ্ট) বিকাল ৩টার সময় ওই মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে বক্তব্য দেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী বাসিন্দারা জানান, ঐতিহ্যবাহী এই খালটি কিছু অবৈধ দখলদারদের কারণে ভরাট হয়ে যাওয়ায় পুরো এলাকার স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, দোকানপাট ও বসতবাড়িতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
শুধু তাই নয়, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় শ্রীবরদী শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা, মধ্য বাজার এলাকা ও উত্তর বাজারসহ বেশ কিছু আবাসিক এলাকাতেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে পানি বন্দি পরিবারে ছেলে মেয়েরা ঠিকমত বিদ্যালয়ে যেতে পারে না। এতে ব্যহত হচ্ছে পৌরবাসীর স্বাভাবিক জীবন যাপন।
বক্তারা আরও বলেন, জিয়া খালটির পূর্ব নাম খেয়াঘাট ছিল তা একসময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা খাল। সেটিই আজ কিছু অবৈধ দখলদারদের কবলে পড়ে মৃতপ্রায়। অবৈধ দখলকৃত জায়গাটি সি এস ও আরওআর রেকর্ড অনুযায়ী খাল হিসেবে উল্লেখ থাকার পরেও পরবর্তী বিআরএস রেকর্ডে ব্যক্তি মালিকানাধীন হয়ে যায়। কিভাবে সরকারি খাল ব্যক্তি মালিকানাধীন হয়ে যায়? সেটিই এখন পৌরবাসী জানতে চায়।
প্রশাসনের কাছে বক্তাদের দাবি, সরকারি জিয়া খালটি (খেয়া ঘাট) অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে পুনরায় প্রবাহমান খালে পরিণত করা হোক। এতে পৌরবাসীর জলাবদ্ধতার কষ্ট লাঘব হবে সেইসাথে সরকারি জমি দখলমুক্তও হবে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন শাহাজাদা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান লিটন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, যুবদল নেতা হারুনসহ শিক্ষার্থী, ভুক্তভুগী পরিবার ও ব্যবসায়ীবৃন্দ।
