পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• মানবতার সেবায় তরুণদের সম্পৃক্ত করতে যুব রেড ক্রিসেন্টের সদস্য সংগ্রহ • রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব • বিশ্ব শিক্ষক দিবস আজ • সোশ্যাল মিডিয়ার বিচারালয়: সুবিচার নাকি উন্মত্ত জনতার উল্লাস? • চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম
লিঙ্ক কপি হয়েছে!

ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার!

সাব্বির হোসাইন প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গাজীপুরা এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণসহ ৩ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে শিক্ষার্থীদের দাবি পূরণে ৬ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এবং নিহতের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে প্রশাসন।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যায়। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে ও টঙ্গী-গাজীপুরা এলাকায় নিরাপদ সড়কসহ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আজ রবিবার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী শালিকচূড়া এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভে ফেটে পড়েন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিরসনে পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার।

একই সাথে শিক্ষার্থীদের সাথে আলোচনার টেবিলে অংশ নেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অধ্যক্ষ ড. হেফজুর রহমান, সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সালমান ফার্সি, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম ও জিএস মুর্তজা হাসান ফুয়াদসহ মাদরাসার শিক্ষক ও টাকসুর নেতৃবৃন্দ।

উপস্থিত প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের গাজীপুরা এলাকায় অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণসহ উত্থাপিত ৩ দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের জোরালো আশ্বাস প্রদান করে। উত্থাপিত দাবিগুলো দ্রুত আদায়ের লক্ষ্যে প্রশাসন, টাকসু এবং মাদরাসা অধ্যক্ষের সমন্বয়ে ৬ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

এছাড়া নিহত শিক্ষার্থী ইয়াসীন আলীর পরিবারকে তাৎক্ষণিকভাবে ৮ লাখ টাকা আর্থিক সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রশাসন ও মাদরাসা কর্তৃপক্ষের এই যৌথ আশ্বাস ও সুনির্দিষ্ট পদক্ষেপের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।