পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Implementing OBE (Outcome-Based Education) in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment and Assessment’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগের সঙ্গে তাল মিলিয়ে ইতোমধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে OBE কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই এ কার্যক্রম চালু করা হবে।”

তিনি বলেন, আধুনিক কারিকুলাম চালু ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। OBE কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাইদার।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম।

এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।