নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘Pathways to Higher Education in Foreign Countries’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) Sup-Project-এর উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাবে অনেকে কাঙ্ক্ষিত সুযোগ নিতে পারে না। বিদেশে উচ্চশিক্ষার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে জানতে হবে।
তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের তুলনায় বেশি মেধাবী। প্রয়োজন শুধু সেই মেধাকে সঠিকভাবে কাজে লাগানো।’ বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরে এসে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানো উচিত। বিদেশে অর্জিত জ্ঞান দেশের মানুষের কল্যাণে ব্যবহার করার মাধ্যমে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের HEAT Project-এর SPM ড. মো. শফিকুল ইসলাম।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ও HEAT Project-এর ASPM অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।
এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
এদিকে, কর্মশালার উদ্বোধনী পর্বে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের উদ্যোগে বিভাগের ২৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
