ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ঈদের দিনে দেশের যে সকল স্থানে বৃষ্টি হতে পারে।

এডমিন
জুন ৬, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

দেশজুড়ে আগামী তিনদিন অতি ভারী বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা না থাকলেও বর্ষাকালের স্বাভাবিক নিয়মে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশেষ করে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে ঈদের দিনেও বৃষ্টি হতে পারে।

ঈদের দিন ভোগান্তি কিংবা স্বস্তি, দুটিরই কারণ হতে পারে বৃষ্টি। একদিকে পশু কোরবানির সময়ে টানা বৃষ্টি দুর্ভোগ বাড়াতে পারে। অন্যদিকে গরমের তীব্রতা কমাতে ও বর্জ্য অপসারণের ক্ষেত্রে বৃষ্টি সহায়ক হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরো জানান, খুলনা, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে গত কয়েকদিনের মতো আজ (বৃহস্পতিবার) ও বৃষ্টি হচ্ছে। এছাড়া অন্য বিভাগেরও কিছু জেলায় কম-বেশি বৃষ্টি অব্যাহত আছে।

তিনি বলেন, শুক্রবার থেকে কমতে শুরু করবে বৃষ্টির মাত্রা। এরপর শনি, রবি ও সোমবার দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টির প্রভাব অনেকটাই কমে যাবে।

বর্ষাকালের স্বাভাবিক নিয়মে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টি হলেও ঈদের দিনে ভারী বৃষ্টির শঙ্কা কম বলেই জানান তিনি। ‘বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তবে বৃষ্টিপাত হওয়ার জন্য যে সার্কুলেশন থাকা প্রয়োজন বা লঘুচাপ/ ডিপ্রেশন থাকে, তা এই মুহূর্তে অনেক কম বললেই চলে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ঈদের দিন চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।