হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্লাহ নিজ ফেসবুক টাইমলাইনে এক বিতর্কিত পোস্ট শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন। পরে তিনি সেটি সরিয়ে ফেলেন।
জানা গেছে, ১ জুলাই কালের কণ্ঠ অনলাইনে “স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি: প্রধান উপদেষ্টা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই শিরোনামের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন ‘জাকির হোসাইন’ নামের এক ব্যক্তি। ক্যাপশনে লেখা ছিল, “আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে কি পতন হবে?”
এই পোস্টটিই নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন হাবিপ্রবির উপাচার্য। পোস্টটি ভাইরাল হলে তা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার জন্ম দেয়। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট পেজে পোস্টটি ছড়িয়ে পড়ে।
সমালোচনার মুখে পড়ে উপাচার্য তার ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে ফেলেন। এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে হোয়াটসঅ্যাপে একাধিকবার বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এমনকি ফোন কল ও হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগের চেষ্টাও ছিল ব্যর্থ।
এই ঘটনায় শিক্ষাঙ্গনে নানা আলোচনা চলছে—একজন উপাচার্য পদে থেকে এমন রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

