লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, নিহত-১ আটক-২
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষ্মপাড়া করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সানোয়ার হোসেন (৩৫)। তিনি ওই ইউনিয়নের ভ্রম্মপাড়া ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচার আঘাতে ঘটনাস্থলেই সানোয়ারের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহত সানোয়ারের স্ত্রী তন্নী অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে চাচা কামালের আঘাতে ঘটনাস্থলেই সানোয়ারের মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
