পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

কবিতা–ইয়া রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

ইয়া রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এন এইচ এম জোনায়েদ সিদ্দিকী

 

সেই শৈশবে—

যখন সরল হৃদয়ে আপনার শানে দুরুদ পাঠ করতাম,

খোলা উঠোনের নীরবতা ভেঙে আপনার দরবারে সালাম পৌঁছে দিতাম,

তখন আমার নিষ্পাপ চোখের পাপড়িগুলো অকারণেই ভিজে উঠত—

শুধু আপনার অজানা এক প্রেমে।

ভাবতাম, বড় হয়ে একদিন

আপনার সান্নিধ্যে বসে মন খুলে বলবো সব কথা,

আমি যুগের পর যুগ দাঁড়িয়ে থাকবো

আপনার পবিত্র রওজার সামনে—অটল, অবিচল।

মানুষ আমাকে কী ভাববে, তা আমি জানি না;

কিন্তু যদি কেউ আমার অন্তর বিদীর্ণ করে দেখে,

তবে সেখানে স্পষ্ট লেখা পাবে—

“ইয়া রাসুলুল্লাহ ﷺ।”

যখন দুনিয়ার প্রেমিকেরা উন্মাদের মতো ছুটে বেড়ায়

তাদের ক্ষণস্থায়ী ভালোবাসার পেছনে,

ঠিক তখন আমি—

রণক্লান্ত এক পথিক হয়ে

বাংলার ধুলোমাখা পথে হামাগুড়ি দিই,

শুধু আপনার বিরহের টানে।

আপনার রওজা মোবারক স্পর্শ করার যে অদম্য আকাঙ্ক্ষা

আমার হৃদয়ে জন্ম নিয়েছে,

সমস্ত পৃথিবী একত্র হলেও

আমাকে ফিরিয়ে রাখতে পারবে না সেই সংকল্প থেকে।

বাংলার গাছে গাছে যখন সবুজ পাতা দোলে,

মাঠে মাঠে যখন সবুজ ঘাস ঢেউ তোলে,

তখন আমার অন্তরে বেজে ওঠে

আপনার ইশকের দামামা।

মনে হয়—

আর কিছু পথ এগোলেই দেখা মিলবে

সেই সবুজ গম্বুজের,

আর একটু অগ্রসর হলেই

আপনার রওজার নূরে আলোকিত হবে

আমার এই বিষণ্ন চেহারা।

পৃথিবীর সমস্ত সুর যেন ম্লান হয়ে যায়

আপনার দুরুদের সুমধুর ধ্বনির কাছে।

আপনার রওজার সামনে দাঁড়িয়ে

একটি সালাম পেশ করার পিপাসায়

আমার অন্তর প্রতিনিয়ত দগ্ধ হতে থাকে।

 

বারবার ফিরে আসে সেই শৈশব—

যখন কিতাবের ইলম ছিল না,

উচ্চারণও ছিল না শুদ্ধ;

তবুও আমার চোখের কোণে জমে উঠত অশ্রু—

শুধু আপনার ভালোবাসায়।

 

আজও আমার বক্ষের অন্তরালে

অবিরাম ধ্বনিত হয় সেই চিরচেনা ডাক—

“ইয়া নাবী, সালামু আলাইকা।


কবি: এন এইচ এম জোনায়েদ সিদ্দিকী

শিক্ষার্থী, ১ম বর্ষ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়