ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপ: নারীসহ তিনজন গ্রেপ্তার
বাগেরহাট শহরের স্টেডিয়াম সংলগ্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে রাতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একজন নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ জুন) ভোররাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শহরের আলিয়া মাদরাসা রোডের ফখরুল ইসলাম বাবু এবং মোড়লগঞ্জ উপজেলার মো. সুমন, যিনি ওই ভ্যাট অফিসে অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তার হওয়া নারীর নাম ও পরিচয় পুলিশ এখনও প্রকাশ করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম বাবু উক্ত নারীকে আর্থিক লেনদেনের মাধ্যমে অফিসে নিয়ে আসেন। রাতে ফাঁকা অফিসে সুমন ও বাবু মিলে নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। তবে রাত গভীর হওয়ার পর তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শেখ শহীদ নামের এক ব্যক্তি জানান, “আমি ফজরের নামাজ শেষে ভ্যাট অফিসের সামনে পুলিশ দেখতে পাই। কাছে গিয়ে দেখি এক নারীকে নিয়ে পুলিশ বেরিয়ে আসছে। ওই নারী চিৎকার করে বলছিলেন তাকে ধর্ষণ করা হয়েছে। অফিসের ভেতরে মাদকের আলামতও চোখে পড়ে।”
এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা সরকারি অফিসে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
