দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও তার সাবেক স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের ছয় বছরের সংসার জীবনের ইতি ঘটেছে। গত ১৬ জুন ২০২৫ তারিখে পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
গায়িকা কনা সামাজিক যোগাযোগমাধ্যমে(ফেসবুক) একটি আবেগঘন পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।ফেসবুক পোস্টে কনা লেখেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের উভয়ের জন্যই কঠিন, তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।”
তিনি আরও জানান, জীবনের নতুন অধ্যায়ে শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে তিনি বর্তমানে তার সংগীতজীবনে মনোনিবেশ করতে চান। কনা বলেন, “যেই কাজের মাধ্যমে আমি এতোদূর এসেছি, সেই গানের কাজেই এখন পুরো মনোযোগ দিতে চাই।”
ভক্তদের উদ্দেশ্যে কনা কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “আপনারা যেভাবে আমাকে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, দিলশাদ নাহার কনা বাংলাদেশের সমসাময়িক সংগীত জগতের একজন পরিচিত নাম। তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে এবং তিনি বহু পুরস্কারেও ভূষিত হয়েছেন।

