নতুন কুঁড়ি স্পোর্টস: ফুলবাড়ী ফুটবল দলকে অবহেলার অভিযোগ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পরিচালনা কমিটির বিরুদ্ধে ফুলবাড়ী উপজেলা বালক ফুটবল দলকে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খেলোয়াড়, কোচ, ম্যানেজার, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক ফুটবল প্রতিযোগিতায় ফুলবাড়ী উপজেলা দল রাজারহাট উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। তবে পরবর্তী ম্যাচের তারিখ ও সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে বলা হলেও তা জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
এদিকে ৭ মে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় উলিপুর উপজেলা দলকে সময়সূচি জানানো হলেও ফুলবাড়ী দলের কোনো খেলোয়াড়, কোচ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা হয়নি বলে দাবি করা হয়েছে। পরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলেও ফুলবাড়ী দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তারা জানতে চান— কেন ফুলবাড়ী দলকে খেলার সময়সূচি জানানো হয়নি এবং কোন কারণে তাদের দ্বিতীয় রাউন্ড থেকে বঞ্চিত করা হলো।
ফুলবাড়ী উপজেলা বালক ফুটবল দলের কোচ আলতাফ হোসেন বলেন, “প্রথম ম্যাচে জয়ের পর আমরা পরবর্তী খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দ্বিতীয় রাউন্ডের সময়সূচি আমাদের কাউকেই জানানো হয়নি। পরে জানতে পারি খেলা হয়ে গেছে। এটা আমাদের সঙ্গে চরম অবিচার।”
দলের ম্যানেজার মো. হাবিবুর রহমান (হাবিব) বলেন, “উলিপুর দলকে সময়সূচি জানানো হলেও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।”
খেলোয়াড় তাসনীমূল ইশরাক সিনহা বলেন, “আমরা নিয়মিত অনুশীলন করেছি, জিতেও পরের খেলায় অংশ নিতে পারিনি। এতে খেলোয়াড়দের মনোবল ভেঙে গেছে।”
অভিভাবক জাকারিয়া শেখ বলেন, “ছেলেরা অনেক কষ্ট করে খেলাধুলা করে। এভাবে অবহেলা করলে তারা ভবিষ্যতে আগ্রহ হারিয়ে ফেলবে।”
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর সদস্য সচিব মোছা. তাহমিনা শিরীন বলেন, “প্রথম দিনের খেলায় আমি জেলা স্টেডিয়ামে উপস্থিত ছিলাম। পরে জানানো হয় দ্বিতীয় রাউন্ডের সময়সূচি পরে জানানো হবে।
পরবর্তীতে জেলা পর্যায়ে যোগাযোগ করলে বলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে। কিন্তু শেষ পর্যন্ত সময়সূচি পাওয়া যায়নি।”
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর সভাপতি দিলারা আকতার বলেন, “খেলার বিষয়ে বিভিন্নজন আমার কাছে জানতে চেয়েছিলেন। আমিও জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু আমাকে খেলার সময় ও তারিখ জানানো হয়নি। এ ধরনের ঘটনায় খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক।”
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ফুলবাড়ী উপজেলার ক্রীড়াপ্রেমীরা।
