পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শিরোনাম
শ্রীবরদীর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ চাকসুর উদ্যোগে চবির পাঁচ ছাত্রী হলে চাকরি প্রস্তুতির বই প্রদান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদারগঞ্জে সরকারি ভাতা ও চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, উধাও প্রতারক নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়েও সন্ধান মেলেনি লতিফের, যন্ত্রণায় কাতরাচ্ছেন বাবা মা! পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় প্রকৃত আসামিদের বিচার ও নির্দোষদের মুক্তি কামনায় দোয়া মাহফিল শেরপুর সরকারি কলেজে শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে সরকারি ভাতা ও চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, উধাও প্রতারক

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

জামালপুরের মাদারগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মারুফ হাসানের বিরুদ্ধে। বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরি এবং সেগুলো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ ওঠার পর থেকে অভিযুক্ত মারুফ হাসান এলাকায় নেই বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর আদারভিটা ইউনিয়নের নাদাগাড়ী এলাকার আব্দুর রউফের ছেলে মারুফ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষকে সরকারি ভাতা, চাকরি ও নানা সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিয়ে আসছেন।

ভুক্তভোগী গুলজার হোসেন বলেন, বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। টাকা দেওয়ার এক বছর পার হলেও তিনি কোনো ভাতার টাকা কিংবা কার্ড পাননি। পরে জানতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

নাজমা বেগম নামে আরেক ভুক্তভোগী বলেন, বিধবা ভাতা দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো ভাতা পাননি। পরে জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তার অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরের সিল ও কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে কাগজপত্র তৈরি করে এসব প্রতারণা করা হয়েছে।

আরেক ভুক্তভোগী জিহাদ হাসান বলেন, ৭০ হাজার টাকা মূল্যের একটি গরু দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু তাকে গরু দেওয়া হয়নি, আবার টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। সরকারি চাকরি দেওয়ার কথা বলেও অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা এবং গরু দেওয়ার কথা বলে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেদ বলেন, ৬ নম্বর আদারভিটা ইউনিয়নের বাসিন্দা মারুফ হাসান বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। একইভাবে সরকারি চাকরি দেওয়ার কথা বলেও অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরো বলেন, মারুফ তার আপন মামা জাহাঙ্গীর আলমের কাছ থেকেও বয়স্ক ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করেছেন বলে জানতে পেরেছি। এছাড়া মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক খোরশেদ আলমের পরিচয় ব্যবহার করে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। দুই দিন আগেও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে পেরেছি। সুষ্ঠু তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে চিকিৎসক খোরশেদ আলম বলেন, “আমার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি ২০২৫ সালে জামালপুর সদর থানায় মারুফ হাসানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি।”

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে বিষয়টি সম্পর্কে পুলিশ জানতে পেরেছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে এলাকায় নেই এবং পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।