নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম
নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে চট্টগ্রাম। জেলায় নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে থাকা ঢাকায় নিবন্ধন ৫৯ হাজার ৫৮০ জন। অর্থাৎ ঢাকার চেয়ে চট্টগ্রামে নিবন্ধন বেশি হয়েছে ১ লাখ ২১ হাজার ৫৬০ জন।
সংশ্লিষ্টরা বলছেন, খেলাধুলার প্রতি চট্টগ্রামবাসীর আগ্রহের পাশাপাশি জেলা প্রশাসন ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের ধারাবাহিক প্রচারণা এ সাফল্যের অন্যতম কারণ। জেলা প্রশাসকের নেতৃত্বে উপজেলা, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সভা-সমন্বয়ের পাশাপাশি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী জানান, নিবন্ধন বাড়াতে শুরু থেকেই মাঠপর্যায়ে নিয়মিত কাজ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এ ফল এসেছে।
নিবন্ধনে চট্টগ্রামের পর রয়েছে ঢাকা, কুমিল্লা, বরিশাল ও পটুয়াখালী। এবারের প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিকস, মার্শাল আর্ট ও টেবিল টেনিসে বালক-বালিকা উভয় বিভাগে প্রতিযোগিতা হবে।
