মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের তারামন বিবির মোড়ে রাস্তা ক্রসিংয়ের সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ওপর উল্টে পড়েছে। এতে বাড়ির পাকা দেয়াল ও টিনের চাল ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ঘরে থাকা চারজন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ১২টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক এবং নাগেশ্বরী থেকে কুড়িগ্রামমুখী আরেকটি ট্রাক মোড়ে ক্রসিং করার সময় দুর্ঘটনার সৃষ্টি হয়। এ সময় দিনাজপুর থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক পাপ্পু মিয়া জানান, দুর্ঘটনায় তার বাড়ির পাকা দেয়াল ও চাল ভেঙে যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও সরু হওয়ায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ঘরের ভেতরে চারজন অবস্থান করছিলেন। তবে কেউ শারীরিকভাবে আহত না হলেও সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
ঘরে থাকা আলফা নামের এক কিশোর বলেন, “হঠাৎ বিকট শব্দে ঘর কেঁপে ওঠে। ঘুম থেকে উঠে দেখি ট্রাক ঘরের ওপর উল্টে পড়ে দেয়াল ও চাল ভেঙে গেছে। পাকা দেয়াল না থাকলে হয়তো আমরা বাঁচতাম না।”
ট্রাকচালক মো. সুজন মিয়া জানান, তিনি দিনাজপুর থেকে চাল নিয়ে আসছিলেন। রাস্তা সরু ও ভাঙাচোরা হওয়ায় অপর একটি ট্রাককে ক্রসিং দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় চালক বা সহকারীর কোনো শারীরিক ক্ষতি হয়নি।
পরে ট্রাক সংশ্লিষ্টরা চেইনের মাধ্যমে ট্রাকটি উদ্ধারের কাজ শুরু করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

