মোহাম্মদ মারুফ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসা সেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো, চিকিৎসক ও জনবল সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের জনগণের প্রতি আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম বলেন,“জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা উচিত হবে না। দেশের মানুষের কল্যাণে সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে হয়রানি বা অবহেলার শিকার না হয়, সেদিকে সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

