পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

জলাবদ্ধতায় নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০২:১১ পিএম

টানা তিন ঘণ্টার ভারী বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। অনেকেই নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ নৌকায় চড়ে কেন্দ্রে প্রবেশ করেছেন।

সোমবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সামিয়া আলম বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে এবং জলাবদ্ধতা পেরিয়ে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। পরে কয়েকজনের সহায়তায় নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার জানান, এ কেন্দ্রে আটটি কলেজের প্রায় ২ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। মাঠে পানি জমলেও পরীক্ষার কক্ষগুলোতে পানি প্রবেশ করেনি। যারা জলাবদ্ধতার কারণে কিছুটা দেরিতে কেন্দ্রে পৌঁছেছেন, তাদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য শিক্ষা বোর্ডের নির্দেশনা রয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ছয় জেলায় ভারী বৃষ্টির কারণে বিভিন্ন কেন্দ্রের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো পরীক্ষাকক্ষে পানি ঢোকেনি। বিলম্বে আসা পরীক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, অতি ভারী বৃষ্টির কারণে ড্রেন ও খালে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশনের কর্মীরা ভোর থেকেই পানি অপসারণে কাজ করছেন এবং দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০৭ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় মোট ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।