লক্ষ্মীপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীর গ্রেফতার
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়নপুর গ্রাম থেকে আলোচিত জোড়া খুন মামলার অন্যতম আসামি ও এলাকার শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এই কুখ্যাত আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কদু আলমগীরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র রাখা এবং কন্ট্রাক্ট কিলিংসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে উত্তর জয়পুর, দত্তপাড়া, বশিকপুরসহ লক্ষ্মীপুর পূর্বাঞ্চলে ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন। এলাকাবাসী তার ভয়ে আতঙ্কে দিন কাটাতেন।
জানা গেছে, আলোচিত জোড়া খুন মামলার পর থেকে তিনি গা-ঢাকা দিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হবে।
