ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চাওয়ায় মিল্লাত শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার হত্যার হুমকি!

সাব্বির আহমেদ
জানুয়ারি ১৭, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: শহীদ উসমান হাদীর হত্যার বিচার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী শাখার এক শিক্ষার্থীকে ভিডিও কলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৫২ মিনিটে তাকে এ হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি ‘মুতাসির আহমেদ’ নাম ব্যবহার করে ভিডিও কলে ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখান। ভিডিও কলে তাকে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী তার পোস্টে উল্লেখ করেন, হুমকিদাতা ভিডিও কলে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন এবং তার পরিবারের সদস্যদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, এসব ভাষা ও বক্তব্য এতটাই কুরুচিপূর্ণ যে তা প্রকাশ করা সম্ভব নয়।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, হাদী হত্যার বিচার দাবিতে যারা সামাজিক মাধ্যমে কথা বলছেন, তারা একের পর এক হুমকির শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, হুমকিদাতা ব্যক্তি নির্বাচনের পর তাকে হত্যা করার হুমকিও দেন এবং নিজেকে প্রভাবশালী রাজনৈতিক সমর্থক হিসেবে পরিচয় দেন। কথোপকথনে গ্রেফতার এড়ানোর সক্ষমতার কথাও বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।