আইপিএসের ব্যাটারি থেকে আগুন: নগদ ৩ লাখ টাকাসহ পুড়ল বসতঘর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের গুনেরবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় নগদ প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ঘরের প্রায় সব মালামাল ভস্মীভূত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে মির্জা আজম কলেজসংলগ্ন গুনেরবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক লুৎফর রহমান (লতু খান), তিনি মির্জা আজম কলেজের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের আইপিএসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনো রকমে নিরাপদে বের হতে সক্ষম হলেও ঘরের মূল্যবান মালামাল রক্ষা করার সুযোগ পাননি।
আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আগুনে ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত লুৎফর রহমান (লতু খান) জানান, দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় ও সংসারের প্রায় সবকিছুই আগুনে পুড়ে গেছে। বর্তমানে পরিবার নিয়ে মানবেতর অবস্থার মধ্যে দিন কাটছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের সহযোগিতা কামনা করেন।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার রইছ উদ্দিন জানান আজ সকাল সাড়ে দশটার সময় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় এবং কিছু ধান রক্ষা করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় ৩/৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
