পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল চান্দগাঁওয়ের চিত্র, বৃক্ষরোপণে সবুজের বার্তা
পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বিডি ক্লিন চট্টগ্রাম জোন-০৫। শুক্রবার (১৪ আগস্ট) নগরীর চান্দগাঁও এলাকার ১৪ নম্বর গ্যারেজের মুখ ও আশপাশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অভিযানে বিডি ক্লিনের তরুণ স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় অপরিচ্ছন্ন হয়ে থাকা স্থান পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সেখানে বৃক্ষরোপণ করা হয়। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সঙ্গে কথা বলে যত্রতত্র ময়লা না ফেলা এবং নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান স্বেচ্ছাসেবীরা।
আয়োজকদের মতে, একটি স্থান পরিষ্কার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য নয়; বরং পরিচ্ছন্নতার দায়িত্বকে ব্যক্তিগত অভ্যাস থেকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই এর লক্ষ্য। ‘আমার শহর, আমার দায়িত্ব’ এই বার্তাকে সামনে রেখে নগরবাসীর মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে কাজ করছে বিডি ক্লিন।
পরিচ্ছন্নতার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা জানান, সবুজায়নের মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে ছায়া, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা বলেন, অপরিচ্ছন্নতার বিরুদ্ধে শুধু অভিযোগ নয়, নিজেদের হাতেই পরিবর্তনের সূচনা করতে হবে। একটি ময়লার স্তূপ পরিষ্কার করে সেখানে একটি গাছ লাগানো এই ছোট উদ্যোগের মধ্য দিয়েই তাঁরা বড় একটি সামাজিক বার্তা পৌঁছে দিতে চান।
এ ধরনের কার্যক্রম তরুণদের মধ্যেও সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়লে পরিচ্ছন্নতার এ উদ্যোগ আরও কার্যকর ও স্থায়ী হবে বলে প্রত্যাশা তাঁদের।
বিডি ক্লিন চট্টগ্রাম জোন-০৫-এর আহ্বান, যেখানে-সেখানে ময়লা নয়, নিজের শহরকে নিজের দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ পরিচ্ছন্ন চট্টগ্রাম কেবল একটি সুন্দর নগরীর স্বপ্ন নয় এটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ার প্রত্যয়।
